ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গভীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতালে তার অস্ত্রোপচারের সময় দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট ও ব্যাপক রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান।
শুক্রবার [১২ ডিসেম্বর] দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় অজ্ঞাত মোটরসাইকেল আরোহীরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে গুরুতর অবস্থায় ঢামেকে নেওয়া হয়।
ডা. জাহিদ হাসান বলেন, “তার অবস্থা অত্যন্ত শঙ্কাজনক। হাসপাতালে আনার পর তার ‘সাইন অব লাইফ’ ছিল, নিজস্ব শ্বাসপ্রশ্বাসেরও কিছু প্রচেষ্টা দেখা গেছে। তবে রোগীর অবস্থার বিষয়ে আশাব্যঞ্জক কিছু বলা যাচ্ছে না। সবকিছু এখন আল্লাহর হাতে।”
তিনি আরও জানান, অস্ত্রোপচারের সময় নাক-মুখ দিয়েও রক্তক্ষরণ শুরু হয় এবং রোগীর ব্রেন প্রেশার ভয়াবহভাবে বেড়ে যায়। উন্নত আইসিইউ সুবিধার কথা বিবেচনায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ জানান, গুলিটি ডানদিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়েছে। তবে কয়েকটি ছোট ধাতব টুকরা [প্রিলেট] এখনো রোগীর মস্তিষ্কে রয়ে গেছে, যা অতিরিক্ত রক্তক্ষরণ ও ব্রেন প্রেসার বৃদ্ধির কারণ হয়েছে। অস্ত্রোপচারে একটি প্রিলেট বের করা গেলেও বাকি অংশগুলো মস্তিষ্কের ভেতরে থাকায় ঝুঁকি রয়ে গেছে।
এদিকে ঢাকা মহানগর পুলিশ [ডিএমপি] জানিয়েছে, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেল আরোহীরা লক্ষ্য করে গুলি চালানোর পর দ্রুত সরে পড়ে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ শুরু হয়েছে। ডিবি ও থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।
ডিএমপি নাগরিকদের উদ্দেশে বলেছে, এ ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে।