বগুড়া সদর থানায় পাহারার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের কাছ থেকে শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার প্রায় ১৭ ঘণ্টা পার হলেও রোববার [১৪ ডিসেম্বর] সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলিগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার [মিডিয়া] আতোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোর ৪টা পর্যন্ত সদর থানার সেন্ট্রি ডিউটির দায়িত্বে ছিলেন কনস্টেবল অসিত কুমার। দায়িত্ব পালনকালে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি থানা চত্বর ছেড়ে সাতমাথা এলাকায় চা পান করতে যান। ওই সময় তার সঙ্গে থাকা শটগানের ১০ রাউন্ড গুলি খোয়া যায়।
ভোর ৪টার দিকে দায়িত্ব হস্তান্তরের সময় কনস্টেবল নুরুজ্জামানকে বিষয়টি জানান অসিত কুমার। এরপর সকাল থেকে থানা-পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও গুলির কোনো হদিস মেলেনি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন বলেন, “সদর থানার দায়িত্বে থাকা কনস্টেবলের কাছ থেকে খোয়া যাওয়া গুলিগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে সদর থানা থেকে প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”