স্বামী ধানের শীষে ভোট দিতে নিষেধ করায় অভিমানে স্ত্রীর বিষপান | Daily Chandni Bazar স্বামী ধানের শীষে ভোট দিতে নিষেধ করায় অভিমানে স্ত্রীর বিষপান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৩৫
স্বামী ধানের শীষে ভোট দিতে নিষেধ করায় অভিমানে স্ত্রীর বিষপান
নিজস্ব প্রতিবেদক

স্বামী ধানের শীষে ভোট দিতে নিষেধ করায় অভিমানে স্ত্রীর বিষপান

স্বামীর সঙ্গে ভোট নিয়ে বিরোধ, শিবগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বগুড়ার শিবগঞ্জে স্বামী এমদাদুল হক ধানের শীষের পরিবর্তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে বলায় অভিমানে গোলাপী বেগম (৪৮) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে শেষ পর্যন্ত তার ভোট দেওয়া সম্ভব হয়নি।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে উপজেলার সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি পারিবারিক কারণে দুই দিন গোপন রাখা হয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওয়াহাব জানান, সংসার রক্ষার স্বার্থে ঘটনাটি প্রকাশ করা হয়নি। সদ্য নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম ওই নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ সদর ইউনিয়নের নূরবাগ মাঝপাড়া গ্রামের বাসিন্দা এমদাদুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী-সমর্থক এবং তার স্ত্রী গোলাপী বেগম বিএনপি সমর্থক। নির্বাচনের দিন সকালে স্বামী স্ত্রীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে বললে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্বামী ভোট দিতে স্থানীয় কেন্দ্রে চলে গেলে বেলা সাড়ে ১১টার দিকে গোলাপী বেগম ঘরে ঢুকে বিষপান করেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে স্থানীয় নেতারা জানান, পারিবারিক বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলায় নির্বাচনের পর রাজনৈতিক প্রতীককে কেন্দ্র করে বিভিন্ন স্থানে উত্তেজনার খবর পাওয়া গেছে।