হেভিওয়েট প্রার্থী হয়েও ব্যর্থ মান্না, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামানত বাজেয়াপ্ত | Daily Chandni Bazar হেভিওয়েট প্রার্থী হয়েও ব্যর্থ মান্না, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামানত বাজেয়াপ্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৪২
হেভিওয়েট প্রার্থী হয়েও ব্যর্থ মান্না, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামানত বাজেয়াপ্ত
নিজস্ব প্রতিবেদক

হেভিওয়েট প্রার্থী হয়েও ব্যর্থ মান্না, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামানত বাজেয়াপ্ত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি- সংগৃহীত

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত প্রত্যাশিত ফল করতে পারেননি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কেটলি প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়েছেন, ফলে আইন অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ৪৩ হাজার ৮০২টি, যা মোট ভোটারের ৭২ দশমিক ৬৩ শতাংশ।

নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সেই হিসেবে মান্নার প্রয়োজন ছিল অন্তত ৩০ হাজার ৪৭৬ ভোট। কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৪২৬ ভোট, যা মোট বৈধ ভোটের প্রায় ১ দশমিক ৪ শতাংশ।

নির্বাচনের আগে রাজনৈতিক মহলে আলোচনা ছিল, আসনটি জোটগত সমঝোতার ভিত্তিতে মান্নার জন্য ছাড় দিতে পারে বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি নিজস্ব প্রার্থী মীর শাহে আলমকে মনোনয়ন দেয় এবং নির্বাচনী লড়াইয়ে তিনি এগিয়ে থাকেন।

ফলাফল ঘোষণার পর বিশ্লেষকরা বলছেন, স্থানীয় রাজনৈতিক সমীকরণ ও সংগঠনিক শক্তির অভাবই মান্নার ভরাডুবির অন্যতম কারণ হতে পারে।