বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ট্রান্সফরমারের তামার তার চুরি | Daily Chandni Bazar বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ট্রান্সফরমারের তামার তার চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৫৬
বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ট্রান্সফরমারের তামার তার চুরি
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ট্রান্সফরমারের তামার তার চুরি

বগুড়ার দুপচাঁচিয়ার গুনাহার ইউনিয়নের বেলহট্টি এলাকায় গভীর রাতে নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে তামার তার চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চোর চক্র শাহাদতের গভীর নলকূপের ট্রান্সফরমারগুলোতে এই ঘটনা ঘটায়।

স্থানীয়রা জানান, চোররা রাতে ট্রান্সফরমার বক্স থেকে তামার তারের কয়েল বের করে নিয়ে যায়। একটি বক্স কৌশলে খুঁটিতে স্থাপন রেখে বাকি দুটি বক্স মাটিতে ফেলে দেয়। ভোরে কৃষকরা জমিতে সেচ দিতে গেলে ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার দেখতে পান।

স্থানীয় কৃষক আলিম প্রামাণিক বলেন, “সাম্প্রতিক সময়ে এলাকায় ট্রান্সফরমার ও বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে গেছে। সেচ মৌসুমে এভাবে পানি সরবরাহ ব্যাহত হলে কৃষকরা বড় সমস্যায় পড়বেন।”

ঘটনাস্থলে ছুটে এসে শাহাদত হোসেন ও মহিদুলসহ অনেকে পরিস্থিতি দেখতে যান। এলাকাবাসী চোরদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এছাড়া গ্রামীণ বিদ্যুতের স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বানও জানিয়েছে তারা।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।