বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বগুড়া জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং সাম্যবাদ সমাজ নির্মাণের আপোষহীন যোদ্ধা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা কমরেড দুলাল কুন্ডুর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্মরণ সভা ১৫ ফেব্রুয়ারী, রবিবার বিকাল ৪টায় সাতমাথাস্হ উদীচী কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ আমিনুল ফরিদ, এবং সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, বাসদ বগুড়া জেলা কমিটির সমন্বয়ক এ্যাডঃ সাইফুল ইসলাম পল্টু, সদস্য সচিব এ্যাডঃ দিলরুবা নুরী, উদীচী শিল্পী গোষ্ঠী বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুস সোবহান মিন্নু, কৃষক সমিতি জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডঃ লুৎফর রহমান, ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, টিইউসি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আফ্রিক প্রান্ত এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দুলাল কুন্ডুর সহধর্মিণী নীপা কুন্ডু প্রমুখ।
নেতৃবৃন্দ স্মরণ সভায় বলেন, প্রয়াত কমরেড দুলাল কুন্ডু উনসত্তুরের গণ-অভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সর্বদা নেতৃত্ব দিয়েছেন। তিনি গরিব ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের দাবির লড়াইয়ে সক্রিয় ও সাহসী ভূমিকা পালন করেছেন।
তিনি ছিলেন নির্লোভ, বিনয়ী এবং দেশপ্রেমিক। জীবনভর লড়াই করে গেছেন, কখনও আদর্শচ্যুত হননি, আত্মসমর্পণ করেননি। নেতৃবৃন্দ মনে করিয়ে দেন, যে আদর্শের জন্য তিনি নিজ জীবনের সবকিছু উৎসর্গ করেছেন, সেটিই দেশের গরিব ও মেহনতি মানুষের মুক্তির একমাত্র পথ।