বগুড়ায় পেপার বোর্ড মিল কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ, ৩ কোটি টাকার ক্ষতি | Daily Chandni Bazar বগুড়ায় পেপার বোর্ড মিল কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ, ৩ কোটি টাকার ক্ষতি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:৪২
বগুড়ায় পেপার বোর্ড মিল কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ, ৩ কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পেপার বোর্ড মিল কারখানায় অগ্নিসংযোগের অভিযোগ, ৩ কোটি টাকার ক্ষতি

বগুড়ার সদর উপজেলার নামুজা এলাকায় অবস্থিত আর আর পেপার বোর্ড মিল কারখানায় অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন ইসলাম মাল্টি প্রডাক্টস অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের পরিচালক মো. নুরুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চৌমুহনী বাজার এলাকায় অবস্থিত কারখানাটিতে গত ৮ ফেব্রুয়ারি রাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে পুরো কারখানা ভস্মীভূত হয়ে যায়। গভীর রাতে আগুনের ঘটনা দেখে স্থানীয়রা জরুরি সেবায় খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে কারখানার সব মালামাল পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মালিকপক্ষ।

বাদী নুরুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, তার কারখানার সাবেক হেডমিস্ত্রি আরিফুল ইসলাম, তার ছেলে হৃদয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন এ অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তার সন্দেহ। তিনি দাবি করেন, চাকরিচ্যুত হওয়ার ক্ষোভ থেকে এর আগে ২০২৪ সালের ২৭ জুলাই কারখানায় চুরির ঘটনাও ঘটেছিল, যাতে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। ওই ঘটনায় থানায় অভিযোগের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ফিরে এসে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, সর্বশেষ এক সপ্তাহ আগে অভিযুক্তরা কারখানাটি ভাড়া নিতে চাইলেও তিনি রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে আগুন দিয়ে কারখানাটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তার অভিযোগ।

এ ঘটনায় মো. নুরুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।