বগুড়ায় কিশোর আলিফ হত্যা মামলার প্রধান আসামি ‘ডিম পোচ’ রাশেদ গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় কিশোর আলিফ হত্যা মামলার প্রধান আসামি ‘ডিম পোচ’ রাশেদ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:২৩
বগুড়ায় কিশোর আলিফ হত্যা মামলার প্রধান আসামি ‘ডিম পোচ’ রাশেদ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় কিশোর আলিফ হত্যা মামলার প্রধান আসামি ‘ডিম পোচ’ রাশেদ গ্রেফতার

বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় কিশোর আলিফ (১৬) হত্যার প্রধান আসামি রাশেদ হোসেন ওরফে ‘ডিম পোচ’ রাশেদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাশেদ হোসেন বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছুরি ও ঘটনার সময় তার পরনে থাকা পোশাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের নিশিন্দারা ট্যাংকের সাঁকো এলাকায় বাবার গ্যারেজ থেকে আলিফের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। এ নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাস্থান এলাকা থেকে প্রধান আসামিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত কয়েক দিনে বগুড়ায় তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে আলিফ হত্যা মামলাটি অন্যতম আলোচিত ছিল। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরলেও অন্য ঘটনাগুলোর তদন্ত ও জড়িতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।