প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ | Daily Chandni Bazar প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ০০:০৪
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ

আবু আবদুল্লাহ এম ছালেহ। - ফাইল ছবি

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবু আবদুল্লাহ এম ছালেহ। সচিব পদমর্যাদায় তাকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও নির্ধারিত বেতনে (৭৮ হাজার টাকা) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পেশাগত জীবনে আবু আবদুল্লাহ এম ছালেহ দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে কাজ করেছেন। তিনি ইউএনবি (United News of Bangladesh) এবং চ্যানেল আই-এ কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, দীর্ঘদিন বিদেশে অবস্থানকালে তারেক রহমান-এর প্রেস-সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করতেন আবু আবদুল্লাহ এম ছালেহ। গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে তারেক রহমান দেশে ফেরার সময় তিনিও সফরসঙ্গী হিসেবে একই বিমানে দেশে ফিরেছিলেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে প্রায় ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে।