পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে মোট ৩৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি, শবে কদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। একই সময় প্রাথমিক বিদ্যালয়গুলোও বন্ধ থাকবে।
এর আগে শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে ছুটি নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে রমজানের প্রথম দিন থেকেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সংশোধিত ছুটির তালিকা ও বর্ষপঞ্জি প্রকাশ করে। অপরদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহানা শারমিন জানান, রোজা জুড়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে বন্ধ রাখার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল।