বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান চত্বর এলাকায় গরুবোঝাই ট্রাকের চাপায় নাসিমা বেগম [৩৫] নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার [২০ ফেব্রুয়ারি] বেলা পৌনে ৩টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম সদর উপজেলার চিংগাসপুর উত্তরপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্বামী ও সন্তানসহ বগুড়া শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন নাসিমা। মাটিডালি বিমান চত্বর এলাকায় মহাসড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গরুবোঝাই ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে এ সময় শিশু সন্তানটি স্বামী আলমগীর হোসেনের কোলে থাকায় তারা দুজনই অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা খবর দিলে কুন্দারহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক [এসআই] গণেশ চন্দ্র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কুন্দারহাট হাইওয়ে থানার এসআই গণেশ চন্দ্র জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।