সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুরী জলমহালে মাছ লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার অন্তত আটটি গ্রামের কয়েক হাজার মানুষ একযোগে জলমহালে নেমে মাছ শিকার করেন বলে দাবি করেছেন জলমহালটির ইজারাদার আঙ্গুর মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর কাওয়াজুরী, উফতিরপাড়, নগদিপুর, ছোট নগদিপুর, লাউগাঙ্গ, ধীতপুর, ফুকিডর ও দৌলতপুর গ্রামের লোকজন জাল, বালতি ও বিভিন্ন সরঞ্জাম নিয়ে হঠাৎ জলমহালে প্রবেশ করেন। পরে তারা দলবদ্ধভাবে মাছ ধরতে শুরু করেন। এতে জলমহালের বিপুল পরিমাণ মাছ তুলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া বলেন, হঠাৎ করে আট গ্রামের মানুষ একত্রিত হয়ে টর্চলাইট জ্বালিয়ে মাছ লুট করতে থাকে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার মাছ নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। বৈধভাবে ইজারা নেওয়া জলমহালে এমন ঘটনা দুঃখজনক উল্লেখ করে তিনি এর বিচার দাবি করেন।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্যাহ বলেন, এখনো এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।