প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ০১:৩১
জয়পুরহাটে প্রথম প্রহরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানালেন প্রতিমন্ত্রী আব্দুল বারী
মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট
আজ অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে জাতি।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টার আগেই মানুষ ফুল হাতে জড়ো হন জয়পুরহাট শহরের শহীদ ড. আবুল কাশেম ময়দানে অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে।
রাত ১২টা ১২ মিনিটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাত ঠিক ১২টায় তিনি শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন ১ আসনের এম,পি ডাঃ ফজলুর রহমান।
এ সময় অমর একুশের ঐতিহাসিক গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি” এর সুরের সঙ্গে সঙ্গে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন জেলা জেলা প্রশাসক জেলা পুলিশসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির শোক ও অহংকারের প্রতীক শহীদ মিনার।
১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমে আসে ছাত্র-জনতা। পাকিস্তানি শাসকের গুলিতে শহীদ হন রফিক, শফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা।
ভাষার জন্য প্রাণ উৎসর্গের এই দিনটিকে ১৯৯৯ সালে জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। একুশের চেতনার প্রতীক শহীদ মিনার আজ এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে বহুভাষিক চেতনার স্মারক হিসেবে প্রতিষ্ঠিত।