বগুড়ায় পয়লা বৈশাখের আগেই দুই আসনে ভোট | Daily Chandni Bazar বগুড়ায় পয়লা বৈশাখের আগেই দুই আসনে ভোট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:০৬
বগুড়ায় পয়লা বৈশাখের আগেই দুই আসনে ভোট
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় পয়লা বৈশাখের আগেই দুই আসনে ভোট

 স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে জাতীয় সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগেই আয়োজন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়র ও চেয়ারম্যান পদে এত দিন দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন এ বিধান বাতিলের সুপারিশ করেছিল। সে অনুযায়ী অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে সংশোধনী আনে। তবে সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকে অধ্যাদেশটি উপস্থাপন ও অনুমোদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদন না হলে এর কার্যকারিতা লোপ পাবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তাঁর জানা মতে অধ্যাদেশের মাধ্যমে মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়নের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। সংসদে এটি অনুমোদিত হলে সেই অনুযায়ী নির্বাচন হবে, আর পরিবর্তন হয়ে আগের অবস্থায় ফিরে গেলে ভিন্নভাবে নির্বাচন আয়োজন করতে হবে। এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে নির্বাচন কমিশন।

পয়লা বৈশাখের আগেই নির্বাচন

তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন বর্তমানে শূন্য রয়েছে। এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে ভোটের আগে একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। সেই আসনেও নতুন করে ভোট গ্রহণ করতে হবে।

আবদুর রহমানেল মাছউদ জানান, এ দুটি আসনে আগামী ১৪ এপ্রিল তথা পয়লা বৈশাখের আগেই নির্বাচন সম্পন্ন করা হবে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল প্রসঙ্গে তিনি বলেন, এ নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে কার্যকরভাবে শুরু হয়েছে এবং কমিশন নির্ধারিত সময়সীমার মধ্যেই তা সম্পন্ন করবে। শিগগিরই তফসিল ঘোষণা করা হবে।