টেক্সটাইল রং মিশিয়ে মরিচ-হলুদ গুঁড়া প্রস্তুত, বগুড়ায় মসলা কারখানায় অভিযান: জরিমানা ৩ লাখ, একজনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার: মরিচ গুঁড়া ও হলুদের গুঁড়ায় কাপড়ের শিল্পে ব্যবহৃত টেক্সটাইল রং মিশিয়ে বাজারজাত করার অভিযোগে বগুড়ার একটি মসলা কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ–এর বগুড়া জেলা কার্যালয় জেলা প্রশাসনের সহযোগিতায় শাজাহানপুর উপজেলার মাদলা কাজীপাড়া এলাকায় অবস্থিত আরএসি ইন্ডাস্ট্রি নামের মসলা কারখানায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, টেক্সটাইল রং মিশিয়ে হলুদ ও মরিচ গুঁড়া প্রস্তুত করা হচ্ছে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মসলা তৈরি এবং পচা মরিচ ও নষ্ট হলুদ প্রক্রিয়াজাত করা হচ্ছিল। এ সময় আনুমানিক ৫ কেজি হলুদ রং ও ১ দশমিক ৫ কেজি লাল রং জব্দ করা হয়, যা শিল্পকারখানায় ব্যবহৃত এবং খাদ্যে সম্পূর্ণ নিষিদ্ধ।
দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ২৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন এবং একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জব্দ করা অনিরাপদ খাদ্য ও উপকরণ বিধি মোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের একটি দল।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।