বগুড়া শহরের বড় জামে মসজিদ এলাকার ব্যবসায়ীদের ওপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সাতমাথা এলাকায় বড় মসজিদ লেন দোকান মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সমিতির সভাপতি আলহাজ্ব আসমাউল হক, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ খান, সহ-সভাপতি মোঃ মাসুম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মিন্টু, রাজাবাজার আড়ৎদার সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান এবং শাপলা মার্কেটের সভাপতি মোঃ মাহমুদুল হক প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, বগুড়া নিউমার্কেট বড় জামে মসজিদ এলাকার অর্থ লুটপাটকারী হিসেবে অভিযুক্ত রাশেদুল ইসলাম গত ১৯ ফেব্রুয়ারি ইফতারের আগে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন এবং তাদের হত্যার হুমকি দেওয়া হয় বলেও দাবি করা হয়।
তারা এ ঘটনায় রাশেদুল ইসলামসহ জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।