শেরপুর-৩ আসনের নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ মার্চ, রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ পর্যন্ত চলবে। আপিল দাখিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ করা হবে ১৫ মার্চ।
ইসি সচিব বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হলেও শেরপুর-৩ আসন-এ এক বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট বাতিল করা হয়। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া-৬ আসনে পূর্বে গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে শেরপুর-৩ আসনে গণভোটের প্রয়োজন নেই এবং এতে কোনো আইনি জটিলতা সৃষ্টি হবে না বলেও উল্লেখ করেন তিনি।