ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মারধরের পর হাত ও পায়ের রগ কেটে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে কসবা থানার ওসি (তদন্ত) রিপন দাস জানিয়েছেন।
নিহত ৫০ বছর বয়সী রতন মিয়া ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম হ্যাপি বলেন, “জমি নিয়ে আমাদের সঙ্গে চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে মামলা চলছে। বুধবার সকাল থেকেই তারা আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছিল।”
ঘটনার বর্ণনায় তিনি বলেন, “বিকালে বাবা জমিতে কাজ করতে গেলে চাচা ও চাচাত ভাই লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়।
“এলোপাতাড়ি মারধরের পর জমিতে থাকা আগাছা কাটার কাঁচি দিয়ে তার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়।
“পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবা মারা যান।”
ওসি রিপন দাস বলেন, জমি সংক্রান্ত বিষয় নিয়ে নিহত রতনের পরিবারের সঙ্গে আপন ভাই ও ভাইয়ের ছেলেদের দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলমান রয়েছে। এই পূর্ববিরোধকে কেন্দ্র করেই খুনের ঘটনাটি ঘটেছে।
লিখিত অভিযোগ পেয়েছেন, এখন প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ঘটনার পর থেকে রতন মিয়ার ভাই ও ভাতিজারা পলাতক রয়েছেন জানিয়ে তিনি বলেন, আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।