প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:২২
নওগাঁয় কবরস্থান থেকে হাজার বছর পুরনো ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
আরমান হোসেন রুমন, নওগাঁ
নওগাঁর পোরশায় কবরস্থান থেকে ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মিডিয়া সেলে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের কবরস্থান থেকে মূর্তিটি উদ্ধার করে পোরশা থানা পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানে একটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি পড়ে রয়েছে। খবর পেয়ে ওই কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কবরস্থানের মাঝামাঝি স্থানে আম গাছের নিচ থেকে পরিতক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। মূর্তিটির উচ্চতা ৫৬ ইঞ্চি এবং ওজন ১৩৭ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কষ্টিপাথরের মূর্তিটি প্রায় হাজার বছরের পুরনো হয়ে থাকতে পারে বলে আমরা ধারনা করছি। এটি আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তি বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।