হিরো আলমের জামিন আবেদন নামঞ্জুর | Daily Chandni Bazar হিরো আলমের জামিন আবেদন নামঞ্জুর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৮
হিরো আলমের জামিন আবেদন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক

হিরো আলমের জামিন আবেদন নামঞ্জুর

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম (হিরো আলম) (৪০)-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১-এর বিচারক মো. আনোয়ারুল হক এ আদেশ দেন।

ধর্ষণ ও মারধরের মাধ্যমে গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রপক্ষে মামলার পিপি অ্যাডভোকেট আলী আজগার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদিয়া রহমান মিথিলা (২৭) গত বছরের ৪ মে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ছোট পর্দার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম বাদির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে তাকে ধর্ষণ করেন এবং এক পর্যায়ে এক মৌলভী ডেকে কবুল পড়িয়ে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এছাড়া শর্টফিল্ম নির্মাণের কথা বলে বাদির কাছ থেকে ১৫ লাখ টাকা ঋণ নেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। পরে বাদি কাবিননামা সম্পন্নের জন্য চাপ দিলে তাকে বগুড়ায় নিজ বাড়িতে নিয়ে সন্তান নষ্টের জন্য চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগে বলা হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২১ এপ্রিল সকালে মারধরের ঘটনায় বাদির রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হলে গর্ভের সন্তান নষ্ট হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা নেন।

মামলাটি তদন্ত করে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক কবিরুল ইসলাম গত ২০ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নিয়ে ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরপর ১৮ ফেব্রুয়ারি পুলিশ তাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে সোপর্দ করলে আদালত হাজতি পরোয়ানায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আলী আজগার এবং আসামিপক্ষে অ্যাডভোকেট নুরুল আলম খোকন শুনানিতে অংশ নেন।