বগুড়া শহরের নিউ মার্কেট এলাকায় ভিডিও ভাইরালকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এক সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় মানহানির অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চক সূত্রাপুর ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রায়হান আলী শিপলু দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও নিউ মার্কেটের ব্যবসায়ী।
গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে ছমির উদ্দিন মার্কেটের “নিউ সুইটি ক্লোথ স্টোর”-এর মালিক ও কর্মচারীদের সঙ্গে নিউ মার্কেটের এক দারোয়ানের বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়।
পরদিন ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উক্ত বিষয়ে কথা বলতে গেলে রায়হান আলী শিপলুর সঙ্গে নিউ সুইটি ক্লোথ স্টোরের মালিক ও স্টাফদের কথা কাটাকাটি হয়। এ সময় এক নারী মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করেন।
পরবর্তীতে “Mst Sobnom” নামীয় একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ভিডিওতে দাবি করা হয়, রায়হান আলী শিপলু চাঁদা দাবি করতে গিয়ে ঝগড়ায় জড়ান।
রায়হান আলী শিপলু অভিযোগ করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আংশিক ভিডিও প্রচার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে তার ব্যক্তি ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে তিনি দাবি করেন।
এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।