জয়পুরহাটের আক্কেলপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে নাঈম হোসেন (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনাটি শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তিলকপুর-রায়কালী সড়কের বয়েজের পুল নামক স্থানে ঘটে।
নিহতের বাড়ি তিলকপুর ইউনিয়নের নূরনগর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, নাঈম বিকেলে তিলকপুর বাজার থেকে রাইকালী বাজারের দিকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে বয়েজের পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের বোন কাজলি আক্তার বলেন, “বাজারে যাওয়ার কথা বলে ভাই বের হয়েছিল। কিছু সময় পরে তার মৃত্যুর খবর পাই। ভাই চলে যাওয়ায় আমার দুনিয়া অন্ধকার হয়ে গেছে।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, “নাঈম হোসেন দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।”