বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোঃ মাহবুব সাঈদী প্রিন্স তার বিরুদ্ধে আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি একই স্থানে বগুড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও লিফট এক্সেসরিজ এবং ম্যানপাওয়ার সাপ্লায়ার মোঃ মিজানুর রহমান সাগর তার ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেন। বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হওয়ায় তার ব্যক্তি ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তিনি।
মাহবুব সাঈদী প্রিন্স বলেন, মিজানুর রহমান সাগরের সঙ্গে তার প্রতিষ্ঠান ‘এ্যাপোলো পাওয়ার লিংক’-এর ব্যবসায়িক লেনদেনের এক পর্যায়ে ২৮ লাখ ৩০ হাজার টাকা পাওনা রয়েছে। ওই অর্থ পরিশোধ এড়াতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, তার প্রতিষ্ঠানের একটি ব্যাংক চেকের পাতা আত্মসাৎ করে জাল স্বাক্ষরের মাধ্যমে চেক ডিজঅনার দেখিয়ে আদালতে মামলা করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন। এছাড়া তার প্রতিষ্ঠানের ম্যানেজারের ওপর হামলা এবং হুমকি-ধামকির অভিযোগও তোলেন তিনি।
সংবাদ সম্মেলনে ব্যক্তিগত পারিবারিক মামলার প্রসঙ্গ টেনে আনার সমালোচনা করে তিনি বলেন, দায়ের করা তিনটি মামলার মধ্যে দুইটিতে তিনি অব্যাহতি পেয়েছেন এবং অপর মামলায় তদন্ত প্রতিবেদনে তার নির্দোষিতার পক্ষে মত দেওয়া হয়েছে।
অন্যদিকে তার প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়ের করা মামলায় মিজানুর রহমান সাগর গ্রেপ্তার হয়ে পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে তিনি প্রকৃত তথ্য যাচাই করে তার বক্তব্য প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।