Mastercard ও Prime Bank PLC যৌথভাবে দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে। প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর আওতায় চালু হওয়া এ কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, গোপনীয়তা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
‘প্রাইম নাও’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান নয়। ফলে কার্ডের তথ্য কপি, স্কিমিং বা সরাসরি দেখে সংগ্রহের ঝুঁকি থাকে না। সংশ্লিষ্টরা বলছেন, দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিংসহ প্রচলিত জালিয়াতির ঝুঁকিও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।
কার্ডের সব তথ্য ‘প্রাইম নাও’ অ্যাপে নিরাপদে সংরক্ষিত থাকবে। অ্যাপটিতে রয়েছে বহুস্তরীয় অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা সুবিধা। ফলে কার্ডধারীরা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন।
নতুন ডেবিট কার্ডে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাক্সেস ব্যবস্থাপনা এবং ডিজিটাল রিইস্যু সুবিধা। কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিত ব্যবহারের ঝুঁকি কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে বিভিন্ন অফার ও সুবিধা উপভোগ করা যাবে। আধুনিক ও মিনিমাল ডিজাইনের কার্ডটিতে গ্রাহকরা পছন্দমতো ডিজাইন নির্বাচন, নিজের নাম যুক্ত করা এবং এক ট্যাপে ই-কমার্স সুবিধা চালুর সুযোগ পাবেন।
প্রাইম ব্যাংকের বোর্ড চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই নাম্বারলেস কার্ড চালু করা হয়েছে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গ্রাহকের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে নাম্বারলেস প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।