ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বৎসরের বৃদ্ধ গ্রেপ্তার | Daily Chandni Bazar ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বৎসরের বৃদ্ধ গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ ০০:০৫
ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বৎসরের বৃদ্ধ গ্রেপ্তার
চাঁদনী ডিজিটাল ডেস্ক রিপোর্টঃ

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বৎসরের বৃদ্ধ গ্রেপ্তার

ময়মনসিংহ নগরীতে ১০ বছর বয়সী এক শিশুকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে শহরের নাটকঘর লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব।
গ্রেপ্তার কাজল চক্রবর্তী (৬৫) ওই এলাকার মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে।
এ নিয়ে এলাকায় শনিবার রাতে বিক্ষোভ হয়েছে। ভুক্তভোগী শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় ও শিশুটির পরিবারের বরাতে ওসি নাজমুস সাকিব বলেন, গত ১০ ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৪টার দিকে কাজল চক্রবর্তী শিশুটিকে বিভিন্ন কথা বলে তার বসতঘরে নিয়ে যান।
বাড়িতে সে সময় অন্য কেউ না থাকার সুযোগে তিনি ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। তবে কাজল ও তার পরিবারের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে উল্টো শিশুটির পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন।
ঘটনার পর থেকেই শিশুটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ বোধ করতে থাকে। পরে শনিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানান। বর্তমানে শিশুটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে রাতে কাজল চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।