খুলনা নগরে আট বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিপন কুমার (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শিপন একটি বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। শনিবার বিকেলে প্রাইভেট পড়া শেষে সে বাসায় একা ছিল। শিশুটির মা ঘটনার সময় পাশের একটি বাড়িতে কাজ করছিলেন। এই সুযোগে শিপন খাবার কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। বিষয়টি কাউকে না বলার জন্য অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি দেখান। শিশুটি ফিরে এসে মাকে সব বলে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করার পর শনিবার রাতেই শিপনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।