বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা | Daily Chandni Bazar বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০০:৪৯
বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা
নিজস্ব প্রতিবেদক

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম-এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

আবিদুর রহমান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বগুড়া শহর শাখার আমিরের দায়িত্বে রয়েছেন। স্থানীয় রাজনীতিতে তিনি ‘সোহেল’ নামেও পরিচিত।

মনোনয়নপত্র দাখিলের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আবদুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অফিস সম্পাদক আবদুল হামিদ বেগ, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে আবিদুর রহমান বলেন, বগুড়া সদরের মানুষ দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট প্রতীককে ভোট দিয়ে প্রত্যাশা পূরণ পাননি। সাধারণ মানুষ পরিবর্তন চান বলেই তিনি দাবি করেন। আসন্ন উপনির্বাচনে ভোটাররা তাকে বিজয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই উপনির্বাচনকে ঘিরে জেলার রাজনীতিতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত এ আসনে আবিদুর রহমানসহ মোট তিনজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।