নন্দীগ্রামে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত | Daily Chandni Bazar নন্দীগ্রামে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০০:৫৫
নন্দীগ্রামে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক

নন্দীগ্রামে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার নন্দীগ্রামে নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ বিরোধের জেরে কলেজ ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নন্দীগ্রাম শহর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফিরোজ আহমেদ শাকিল মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি এবং পৌরশহরের মাঝগ্রাম মহল্লার শফিকুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

অভিযোগ রয়েছে, পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল আকস্মিকভাবে হামলা চালায়। হামলাকারীরা শাকিলকে বেধড়ক মারধর করে এবং ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল ও পলিনের মধ্যে দলীয় নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এছাড়া ঘটনার আগে এক তরুণীকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করেও বিরোধের সৃষ্টি হয় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাত ১১টার দিকে হাসপাতালে যান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, “হামলায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দলের কেউ জড়িত থাকলেও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্রয় দেওয়া হবে না। সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে।”

হাসপাতালের জরুরি বিভাগের সামনে আহত শাকিলের মা ফিরোজা বেগম কান্নাজড়িত কণ্ঠে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি জানা গেছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।