নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার | Daily Chandni Bazar নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:১৬
নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার
নন্দীগ্রাম বগুড়া সংবাদদাতাঃ

নন্দীগ্রামে এক রাতে ৪টি খড়ের পালায় আগুন, আতঙ্কে কৃষক পরিবার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক রাতেই পৃথক দুই স্থানে চারটি খড়ের পালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। রবিবার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কামালকুড়ি গ্রামে প্রথম এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামালকুড়ি গ্রামের কৃষক মহসিন আলীর প্রায় ৪০ হাজার টাকা মূল্যের তিনটি খড়ের পালায় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও আশপাশের বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে রক্ষা পাওয়া যায়।
এর আধাঘণ্টা পর উপজেলার কাথম বেরাগাড়ি এলাকায় আরও একটি খড়ের পালায় আগুন লাগার ঘটনা ঘটে। একই রাতে দুইটি পৃথক স্থানে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মাঝে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। স্থানীয়দের ধারণা, অসাবধানতাবশত ফেলা জ্বলন্ত বিড়ির মোতা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 
ক্ষতিগ্রস্ত কৃষক মহসিন আলী জানান, খড়গুলো ছিল আমার গবাদিপশুর খাবারের জন্য সংরক্ষিত। হঠাৎ আগুনে সব পুড়ে গেছে। এখন পশুখাদ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।