বগুড়ায় মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি | Daily Chandni Bazar বগুড়ায় মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:২০
বগুড়ায় মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করেছে মাসিপুর চালুঞ্জা একতা যুব ক্লাব। সোমবার (২ মার্চ ২০২৬) ফকিরপাড়া ঈদমাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় প্রায় দুই শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি রশিদুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন, সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান, কার্যনির্বাহী সদস্য রাহুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে রশিদুল ইসলাম রাকিব বলেন, “গাছ মানুষের পরম বন্ধু। গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎ রক্ষার অঙ্গীকার। বর্তমান বিশ্ব জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের মতো বড় সংকটের মুখোমুখি। এসব সমস্যা মোকাবিলায় গাছই আমাদের সবচেয়ে বড় সহায়ক।”

তিনি আরও বলেন, “গাছ বাতাস থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে, মাটি ক্ষয় রোধ করে, জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখে এবং আমাদের পরিবেশকে সুন্দর ও নিরাপদ রাখে। তাই প্রত্যেককে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানাই।”