প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:৩৩
গৃহবধূকে ধর্ষণচেষ্টা: সম্ভ্রম বাঁচাতে যুবকের লিঙ্গ কর্তন
ক্ষেতলাল, জয়পুরহাট সংবাদদাতা
অভিযুক্ত যুবক নজরুল ইসলাম (৩৭)। ছবি- সংবাদদাতা
জয়পুরহাটের ক্ষেতলালে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় সম্ভ্রম রক্ষার্থে ওই গৃহবধূ ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছেন বলে জানা গেছে। রোববার রাতে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল মহল্লায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত নজরুল ইসলাম ওই মহল্লার আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নজরুল দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে নজরুল কৌশলে ঘরে প্রবেশ করে গৃহবধূকে পেছন থেকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার্থে ওই নারী হাতের কাছে থাকা একটি ব্লেড দিয়ে নজরুলের গোপনাঙ্গে আঘাত করেন। এতে নজরুলের পুরুষাঙ্গ কেটে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লম্পট নজরুল রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগীর স্বামী মুকুল হোসেন বলেন, নজু (নজরুল) এর আগেও আমার স্ত্রীকে নানাভাবে বিরক্ত করত। লোকলজ্জার ভয়ে আমরা এতদিন মুখ খুলিনি। কিন্তু এবার সে ঘরে ঢুকে যে দুঃসাহস দেখিয়েছে, আমার স্ত্রী তার উপযুক্ত জবাব দিয়েছে। আমি এই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তবে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত নজরুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।