রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাদাবীর অভিযোগ | Daily Chandni Bazar রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাদাবীর অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ ০১:৪৪
রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাদাবীর অভিযোগ
রায়গঞ্জ সিরাজগঞ্জ সংবাদদাতাঃ

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে লুটপাট ও চাঁদাদাবীর অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার  সোনাখাড়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে বিএনপি নেতার বিরুদ্ধে  চাঁদাদাবী, মারধর ও পুকুরের মাছ লুট পাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন  মো. মোশারফ হোসেন (৪৮) নামের এক ভুক্তভোগী। 
 
সোমবার সকালে ভূঁইয়াগাঁতী শ্রমিক অফিসের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে তিনি এসব বলেন । এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
লিখিত বক্তব্যে মোশারফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মো. আক্তারুজ্জামান তছির গংদের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এরই জেরে গত ২৪ ফেব্রুয়ারি সকালে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার বসতবাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ৫,০০,০০০ (পাঁচ লাখ) টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
 
তিনি আরও বলেন, একই দিন গভীর রাতে প্রতিপক্ষরা তার বাড়ির পূর্ব পাশে অবস্থিত পুকুরে জাল ফেলে মাছ ধরে নিয়ে যায়। এতে প্রায় ১২ মণ বিভিন্ন প্রজাতির মাছ লুট করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা। মাছ লুটের সময় তিনি বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পরিবারের নারী সদস্যদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
 
ভুক্তভোগীর দাবি, পরবর্তীতে প্রতিপক্ষরা তার বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে ঘরে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এতে তাদের পরিবার ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
 
এ ঘটনায় তিনি গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রায়গঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে একাধিক ব্যক্তিকে নামীয় আসামি ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, ঘটনার দিন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।