পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই, বগুড়ায় কারখানাকে জরিমানা | Daily Chandni Bazar পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই, বগুড়ায় কারখানাকে জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২৬ ০০:০১
পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই, বগুড়ায় কারখানাকে জরিমানা
নিশিন্দারায় দুই কারখানায় অভিযান, জরিমানা ৩ লাখ ৪০ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক

পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই, বগুড়ায় কারখানাকে  জরিমানা

ঈদকে সামনে রেখে বগুড়ায় অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের রমরমা কারবার চলছে। পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই এসব কারখানায় উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মঙ্গলবার (৩ মার্চ) এমন দুটি কারখানায় অভিযান চালিয়ে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিকেলে বগুড়া জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে শহরের নিশিন্দারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

অভিযানে ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানায় পায়ে মাড়িয়ে খামির তৈরি, শৌচাগারের ভেতরে ও পাশের দুর্গন্ধময় স্থানে সেমাই উৎপাদন ও সংরক্ষণ এবং বিএসটিআই সনদ না থাকার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পায়ে মাড়িয়ে প্রস্তুত করা আনুমানিক ১০০ কেজি ময়দার খামির জব্দ করা হয়।

এ ছাড়া ‘শাহ লাচ্ছা সেমাই’ নামে মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস কারখানায়ও প্রায় একই ধরনের অনিয়মের প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটির মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল জানান, অভিযানে গিয়ে দেখা যায়, খামির তৈরি থেকে উৎপাদন ও প্যাকেজিং পর্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে কাজ চলছিল। শ্রমিকদের কারও কারও মুখে মাস্ক থাকলেও হাতে গ্লাভস ছিল না। ঘাম ঝরছে, খামিরের ওপর মাছি উড়ছে এবং উৎপাদিত সেমাই শৌচাগারের পাশে সংরক্ষণ করা হচ্ছিল। কোনো কারখানারই বিএসটিআই মান সনদ ছিল না।

এর আগে সোমবার অনুমোদনহীন ছয়টি লাচ্ছা সেমাই কারখানায় পৃথক অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন পণ্য উৎপাদনের দায়ে লক্ষাধিক টাকা জরিমানা করে বিএসটিআই ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার শেরপুর উপজেলার গোপালপুর এলাকায় ‘নাহিদ অ্যান্ড নাদিম ফুড প্রোডাক্টস’ নামের একটি কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এর আগে কাহালু উপজেলার শেখাহার সেমাইপল্লিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র‌্যাব ও জেলা পুলিশের সমন্বিত অভিযানে ‘ভাই ভাই লাচ্ছা সেমাই’ কারখানার মালিক সাজ্জাদ হোসেনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।