বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ০৬:২৯
বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সানজিদা আকতার শান্তনা নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠানো হয়।

নিহতের মা স্বপ্না খাতুন জানান, মঙ্গলবার (৩ মার্চ) তার মেয়ের কাছে এক সহপাঠী এসেছিল। তাদের মধ্যে কী কথা হয়েছে, তা তিনি জানেন না। তবে তখন থেকেই শান্তনার মন খারাপ ছিল। বুধবার বিকেলে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেন মা।

তিনি আরও জানান, অন্যের বাড়িতে কাজ করে মেয়েকে বড় করেছেন। শান্তনার বাবা শফিকুলের সঙ্গে বহু বছর ধরে তাদের কোনো যোগাযোগ নেই। তারা অবসরপ্রাপ্ত সেনাসদস্য খোরশেদ আলমের বাড়িতে ভাড়া থাকতেন।

ঘটনাস্থলে থাকা শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।