রাজশাহীতে বিএসটিআই এর অভিযান, স্যানিটারি ন্যাপকিন ও দই উৎপাদনে অনিয়ম, পণ্য জব্দ ও ধ্বংস | Daily Chandni Bazar রাজশাহীতে বিএসটিআই এর অভিযান, স্যানিটারি ন্যাপকিন ও দই উৎপাদনে অনিয়ম, পণ্য জব্দ ও ধ্বংস | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৫ মার্চ, ২০২৬ ০৬:৫৬
রাজশাহীতে বিএসটিআই এর অভিযান, স্যানিটারি ন্যাপকিন ও দই উৎপাদনে অনিয়ম, পণ্য জব্দ ও ধ্বংস
খবর বিজ্ঞপ্তিঃ

রাজশাহীতে বিএসটিআই এর অভিযান, স্যানিটারি ন্যাপকিন ও দই উৎপাদনে অনিয়ম, পণ্য জব্দ ও ধ্বংস

রাজশাহীর পবা উপজেলায় বিএসটিআই’র লাইসেন্স ও প্রয়োজনীয় সনদ ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুর ১২টায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানে পবা উপজেলার বায়া বাজার এলাকায় অবস্থিত ‘এন এস মেডিকেল ইন্টারন্যাশনাল’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই’র গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে কোনো যন্ত্রপাতি ছাড়া নিম্নমানের স্যানিটারি ন্যাপকিন উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল বলে প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উৎপাদিত স্যানিটারি ন্যাপকিন ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল মোমিন ভবিষ্যতে বিএসটিআই’র অনুমোদন ছাড়া এ ধরনের পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।

এ ছাড়া একই এলাকার ‘মেসার্স বাঁধন দই ঘর’ নামের আরেকটি প্রতিষ্ঠান বিএসটিআই’র মানসনদ ছাড়া ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পবা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইংয়ের কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় বিএসটিআই’র অন্যান্য কর্মকর্তা ও পবা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।