বগুড়ার ধুনট উপজেলায় লিলি খাতুন (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী রাজু মিয়া পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত লিলি খাতুন উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা রাজু মিয়ার স্ত্রী। এর আগে বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে স্বামীর ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে রাজু মিয়ার সঙ্গে লিলি খাতুনের বিয়ে হয়। রাজু যমুনা নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। তবে প্রায় এক বছর আগে রাজু অন্য এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।
বুধবার বিকেলে রাজু জীবিকার তাগিদে কর্মস্থলে এবং লিলির শ্বশুর-শাশুড়ি বাড়ির বাইরে ছিলেন। এ সময় বিকেল ৪টার দিকে রাজুর ঘরের ভেতর তীরের সঙ্গে লিলির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ধুনট থানা-র উপপরিদর্শক (এসআই) মুনজুর মোর্শেদ মণ্ডল বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।