প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, বনানীতে জিডি | Daily Chandni Bazar প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, বনানীতে জিডি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৫:৪৯
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, বনানীতে জিডি
নিজস্ব প্রতিবেদক

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, বনানীতে জিডি

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। - ফাইল ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীর বনানী থানা-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, প্রতিমন্ত্রীর প্রটোকল (গানম্যান) এসআই আব্দুল হালিম এ বিষয়ে বনানী থানায় জিডি দায়ের করেন।

প্রতিমন্ত্রীর রাজনৈতিক প্রেস সচিব আতিকুর রহমান আতিক বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, অজ্ঞাত এক ব্যক্তি প্রতিমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে একটি ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করছে। ওই নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে অনৈতিক সুযোগ-সুবিধা ও অর্থ লেনদেনের প্রস্তাব দেওয়া হচ্ছে।

বিষয়টি প্রতিমন্ত্রীর সুনাম ও মর্যাদার জন্য ক্ষতিকর হওয়ায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ মনসুর জানান, অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (৬ মার্চ) প্রতিমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়, প্রতিমন্ত্রীর নাম বা তার আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের কাছে ফোনকল করা হচ্ছে। ফোনে নানা প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত বা প্রশাসনিক সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, প্রতিমন্ত্রী বা তার দপ্তরের পক্ষ থেকে এ ধরনের কোনো ফোনকল বা ব্যক্তিগত সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয় না। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ প্রতারণামূলক ও আইনত দণ্ডনীয় অপরাধ।

কেউ এমন প্রতারণার শিকার হলে বা এ ধরনের তথ্য পেলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানানো হয়েছে।