বগুড়ায় কোচিং পরিচালককে ছুরিকাঘাতে হত্যা | Daily Chandni Bazar বগুড়ায় কোচিং পরিচালককে ছুরিকাঘাতে হত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ মার্চ, ২০২৬ ১৫:৫৬
বগুড়ায় কোচিং পরিচালককে ছুরিকাঘাতে হত্যা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় কোচিং পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ভাইসহ আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) রাতে উপজেলার ফুলবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চয়ন রাজভর ফুলবাড়ি উত্তরপাড়া এলাকার তুলা রাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ির দ্য নিউ কনটেস্ট কোচিং সেন্টার-এর পরিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি বাজার এলাকায় একটি জমি নিয়ে চয়ন রাজভরের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার রাতে তারাবির নামাজের পর ওই জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ শাহিন ফকির ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে চয়নের ওপর হামলা চালায়। এ সময় চয়নের বুকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে নিহতের ভাই নয়ন রাজভর ও প্রতিপক্ষের আমিনুর ফকির আহত হন। গুরুতর আহত নয়ন রাজভরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। অন্যদিকে আমিনুর ফকির সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, ঘটনার পর রাতেই গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপারসহ থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত শাহিন ফকির ও তার ছেলেসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।