কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকায় মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৮ মার্চ) ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া ১১ জন রোহিঙ্গার মধ্যে ছয়জন পুরুষ, দুইজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মাপাড়া এলাকায় মানবপাচারকারী চক্রের সদস্য মো. আব্দুল আলীর পেঁপে বাগানে অভিযান চালানো হয়। এ সময় বাগানটি তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল। তাদের সাগরপথে পাচারের প্রস্তুতিও চলছিল।
উদ্ধারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।