বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ ০০:২০
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

বগুড়া সদরে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ মার্চ) রাতে শহরের ফুলবাড়ী বিসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১ লাখ ৭৭ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল কালাম আজাদ ওরফে কালাম (৩৯) এবং তার স্ত্রী সুফিয়া বেগম (৩২)। তাদের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশ ভোলাগাড়ী এলাকায়। বর্তমানে তারা শহরের ফুলবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে ফুলবাড়ী বিসিক শাহী মসজিদের পাশের একটি টিনশেড বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাদের শোয়ার ঘরের ড্রয়ার তল্লাশি করে নীল রঙের ২০টি প্যাকেটে থাকা মোট ৪ হাজার পিস ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আবুল কালাম আজাদের বিরুদ্ধে ঢাকা, টাঙ্গাইল ও বগুড়াসহ দেশের বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবার বাহার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বগুড়াসহ বিভিন্ন জেলায় বিক্রি করছিলেন। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকায় পরিচয় গোপন করে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।