বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও পৌর শাখার অধীনস্থ ১ হাজার ১৮৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণে জেলার ১২টি উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটির অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটি এবং ১২টি পৌরসভার অধীনে থাকা ১০৮টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে।
তবে বর্তমানে ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।