বগুড়া সদর থানার ওসি বদলির ‘স্বাক্ষরবিহীন’ আদেশ ভাইরাল, জেলাজুড়ে বিভ্রান্তি | Daily Chandni Bazar বগুড়া সদর থানার ওসি বদলির ‘স্বাক্ষরবিহীন’ আদেশ ভাইরাল, জেলাজুড়ে বিভ্রান্তি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ ২০:৫৬
বগুড়া সদর থানার ওসি বদলির ‘স্বাক্ষরবিহীন’ আদেশ ভাইরাল, জেলাজুড়ে বিভ্রান্তি
নিজস্ব প্রতিবেদক

বগুড়া সদর থানার ওসি বদলির ‘স্বাক্ষরবিহীন’ আদেশ ভাইরাল, জেলাজুড়ে বিভ্রান্তি

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন সংক্রান্ত একটি পদায়ন আদেশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর না থাকায় ওই কাগজটি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাত ১০টার দিকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে জারি করা একটি স্মারকসংবলিত কাগজ ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয়, প্রশাসনিক কারণে বগুড়া সদর থানার বর্তমান ওসি মো. মুনিরুল ইসলামকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে নোয়াখালীর চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত পরিদর্শক মো. আব্দুর রাজ্জাককে বগুড়া সদর থানার নতুন ওসি হিসেবে পদায়নের কথা বলা হয়েছে।

তবে ভাইরাল হওয়া ওই কাগজে কোনো দায়িত্বশীল কর্মকর্তার স্বাক্ষর না থাকায় বিষয়টি নিয়ে খোদ পুলিশ সদস্যদের মধ্যেও নানা গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই এটিকে ভুয়া বা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করছেন।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, দাপ্তরিকভাবে এখন পর্যন্ত এ ধরনের কোনো আদেশ জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছায়নি। তাই আপাতত বিষয়টিকে গুজব বলেই মনে হচ্ছে।

এদিকে স্বাক্ষরবিহীন ওই বদলি আদেশের সত্যতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতভর ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।