বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে লাইসেন্সবিহীন দুটি মসলার দোকান ও কারখানায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের ফতেহআলী ছাতাপট্টি এলাকার একটি গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানে শহরের ফতেহআলী ছাতাপট্টির গলিতে অবস্থিত দুটি মসলার দোকান ও কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় দোলন নামে একটি খুচরা মসলার দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পচা ও নিম্নমানের মরিচ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়।
এছাড়া বগুড়া হলুদ মিলে ‘মৌরি হলুদ’ নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো মানের হলুদের সঙ্গে মেশানোর উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযানে দেখা যায়।
এসব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে দোলন মসলা দোকানের মালিক দোলনকে ৫০ হাজার টাকা এবং বগুড়া হলুদ মিলের মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় তাৎক্ষণিকভাবে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠান দুটিকে সরকারি আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া।