প্রবীণ সাংবাদিক রবিউল করিম হেলাল আর নেই | Daily Chandni Bazar প্রবীণ সাংবাদিক রবিউল করিম হেলাল আর নেই | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ ২১:০২
প্রবীণ সাংবাদিক রবিউল করিম হেলাল আর নেই
নিজস্ব প্রতিবেদক

প্রবীণ সাংবাদিক রবিউল করিম হেলাল আর নেই

বগুড়ার প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইত্তেফাক-এর সাবেক আঞ্চলিক প্রতিনিধি রবিউল করিম হেলাল (৮১) আর নেই। বুধবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সাংবাদিকতা থেকে অবসরের পর তিনি নিজ গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে বসবাস করছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদ এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের মরদেহ বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়ার গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রবিউল করিম হেলাল প্রায় পাঁচ দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মানুষের সুখ-দুঃখ, সমাজের নানা ঘটনা এবং সময়ের বাস্তবতা তুলে ধরেছেন সংবাদপত্রের পাতায়। সহকর্মীদের মতে, সাংবাদিকতায় তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।