বগুড়ার শেরপুরে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে আটকে বিবস্ত্র করে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাতে ভুক্তভোগী কিশোরের বাবা শেরপুর থানায় ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
নির্যাতনের শিকার কিশোর উপজেলার হামছায়াপুর গ্রামের বাসিন্দা এবং সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৬ মার্চ দুপুরে খেলাধুলা নিয়ে বিরোধের জেরে কয়েকজন যুবক ওই কিশোরকে আটক করে। পরে তাকে খন্দকারটোলা এলাকায় নিয়ে গিয়ে মারধর করা হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করে মাথার চুল কেটে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। নির্যাতনের কারণে কিশোরটি অসুস্থ হয়ে পড়েছে।
ঘটনার পর মঙ্গলবার রাতে কিশোরের বাবা শেরপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে একই রাতে এজাহারভুক্ত আসামি মোতালেব আলভীকে (১৯) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোতালেব আলভীর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামে। তিনি শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে অনলাইনে কাপড়ের ব্যবসা করতেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, গ্রেপ্তার হওয়া মোতালেব আলভী মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।