দুপচাঁচিয়ায় লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ, খাদ্যগুদামে অগ্নিসংযোগ | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ, খাদ্যগুদামে অগ্নিসংযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬ ২২:২৪
দুপচাঁচিয়ায় লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ, খাদ্যগুদামে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক

দুপচাঁচিয়ায় লিজ নেওয়া পুকুরে বিষ প্রয়োগ, খাদ্যগুদামে অগ্নিসংযোগ

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের ঘাটমাগুরা এলাকায় একটি লিজ নেওয়া মাছের পুকুরে বিষ প্রয়োগ এবং মাছের খাদ্য রাখার গুদামে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ মার্চ) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক।

ক্ষতিগ্রস্ত কাজল প্রামানিক জানান, তিনি সরকারি খাস পুকুরটি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। কয়েক দিন ধরে স্থানীয় কিছু যুবকের সঙ্গে পুকুরটি নিয়ে তার বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে তিনি পুকুর থেকে বাড়ি ফেরার পর তার অনুপস্থিতিতে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে এবং পুকুরপাড়ে থাকা মাছের খাদ্য সংরক্ষণের ঘরে আগুন ধরিয়ে দেয়।

পরে স্থানীয় লোকজন পুকুরপাড়ে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে তিনি দেখতে পান, পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে।

এ ঘটনায় কাজল প্রামানিক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত দুপচাঁচিয়া থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান পুকুরে বিষ প্রয়োগ ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।