চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ষাঁড়ের গুঁতোয় সারাবন তাহুরা নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে পদুয়া এস আই চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সারাবন তাহুরা এ বছর পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ষাঁড় হাটে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। হাটে তোলার আগে সেটিকে রাস্তার পাশে বেঁধে রাখা হয়। ওই পথ দিয়ে কোচিংয়ে পড়তে যাওয়ার সময় তাহুরা ষাঁড়টির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ ষাঁড়টি তাকে গুঁতো দিয়ে পাশের একটি বাঁশের স্তূপে আছড়ে ফেলে দেয়।
এতে তাহুরা মুখ ও মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কিশোয়ারা সাদিয়া জানান, সারাবন তাহুরা নামের এক স্কুলছাত্রীকে দুপুরে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।