তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে: মীর শাহে আলম | Daily Chandni Bazar তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে: মীর শাহে আলম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬ ১৮:৫৬
তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে: মীর শাহে আলম
নিজস্ব প্রতিবেদক

তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি এসেছে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে এবং দেশের দৃশ্যপট বদলাতে শুরু করেছে।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় বগুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর ও সদর উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন বরাদ্দ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তা বাস্তবায়ন করে দেখান। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটের কালি শুকানোর আগেই তার নেতৃত্বে বিভিন্ন নির্বাচনী অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে এর সুফল দেশবাসীর কাছে দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানসহ নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রেই তা কার্যক্রম শুরু হয়েছে।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।

পরে দুপুরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহব্বত নন্দীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুব আলম মানিক, অধ্যাপক নজরুল ইসলাম, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত এবং যুবদল নেতা খালিদ হাসান আরমান।

অনুষ্ঠান শেষে উপজেলা অডিটোরিয়ামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী।