গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া এক ব্যক্তির পরিচয় মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।
নিহত ব্যক্তি সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে ফয়জার রহমান (৬২)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) দুপুরে পলাশবাড়ী এলাকায় একটি অটোরিকশা থেকে নামার পর ভাড়া দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিচয় জানা না থাকায় প্রথমে তাকে অজ্ঞাত ব্যক্তি হিসেবে হাসপাতালে রাখা হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশের পর পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করে হাসপাতালে এসে মরদেহ গ্রহণ করেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।