বগুড়ায় স্বর্ণগ্রামের উদ্যোগে বস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় স্বর্ণগ্রামের উদ্যোগে বস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬ ১৮:২৯
বগুড়ায় স্বর্ণগ্রামের উদ্যোগে বস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় স্বর্ণগ্রামের উদ্যোগে 
বস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ

বগুড়ায় আর্ত মানবতার সংগঠন স্বর্ণগ্রামের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো ৩ শতাধিক মানুষের মাঝে বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া সংগঠনের নিজ কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী অভিরাম রায়ের পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে এবছর সকলের হাতে এই ঈদ উপহার তুলে দেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার। স্বর্ণগ্রাম সংগঠনের সভাপতি নূর আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সালেহ নয়ন। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বর্ণগ্রামের প্রতিষ্ঠাতা অভিরাম রায় গত কয়েক বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবছর ঈদ উপহার হিসেবে ২০০ জন নারীর মাঝে শাড়ি এবং ১০০ জন পুরুষকে লুঙ্গি প্রদান করা হয়েছে। এছাড়াও প্রতিটি পরিবারের জন্য ঈদ সামগ্রীস্বরুপ লাচ্ছা সেমাই, চিনি, গুঁড়াদুধ বিতরণ করা হয়েছে। বক্তারা বলেন, সমাজে অনেক বিত্তশালী মানুষ থাকলেও সবাই দান-অনুদানে এগিয়ে আসেন না। দান করা একটি মহৎ গুণ, যা মানুষের আত্মতৃপ্তি এনে দেয়। অভিরাম রায়ের মতো মানুষ যদি সকল গ্রামেই থাকতো তাহলে প্রতিটি গ্রামই স্বর্ণগ্রামে পরিণত হতো। স্বর্ণগ্রামের অর্থ সম্পাদক লক্ষণ রায়ের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন স্বর্ণগ্রাম সংগঠনের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুর আহমেদ মুক্ত, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সদস্য আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্যব্যক্তি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।